সখীপুরে মাদকবিরোধী অভিযানে জয় বিশ্বাস (২৬) ও জসিম মিয়া (৩০) নামের দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
জানা যায়, সখীপুর থানার এসআই ফয়েজ উদ্দিন, এসআই শান্তি বিশ্বাস, এসআই সুমন, এএসআই রহমান, এএসআই শেখ রাসেল ও এএসআই শাহিনুরসহ পুলিশের একটি দল বুধবার রাত ১১টার দিকে সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিকদার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ওই মাদকসেবীদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই জনকেই ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আটককৃতদের রাতেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত জয় বিশ্বাস পৌরসভার ৭ নং ওয়ার্ডের হরিলাল বিশ্বাসের ছেলে এবং জসিম মিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহীদ মিয়ার ছেলে।
আপনার মতামত লিখুন :