লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে শিবিরের সাবেক সভাপতি মোঃ আতিক হাসান (২৫) মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ বিজিবির হাতে আটক হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে তাকে মোটরসাইকেল ও অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত আতিক হাসান ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দের বাড়ি এলাকার বজলার রহমানের ছেলে এবং পাটগ্রাম থানার পশ্চিম শাখার শিবিরের সাবেক সভাপতি।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযানে মোটরসাইকেল ও অস্ত্রসহ একজন ব্যক্তিকে আটক করে মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, বিজিবি অস্ত্র, মোটরসাইকেলসহ একটি চোরাচালান এজাহার লিখে একজন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আইনানুগভাবে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
পাটগ্রাম উপজেলা শাখার শিবিরের সভাপতি খোরশেদ আলম এ বিষয়ে বলেন, ২০২২ সালে দলের প্রতি মনোযোগী না থাকায় আতিক হাসানকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তার দায়ভার দল গ্রহণ করবে না, এটি তার ব্যক্তিগত ব্যাপার।
আপনার মতামত লিখুন :