কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই কৃষিজমি কেটে পুকুর খননের কাজ চলছিল। এতে আবাদযোগ্য জমির মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছিল। বিশেষ করে উর্বর টপসয়েল অপসারণের ফলে ভবিষ্যতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা আকতার। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুলকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, কৃষিজমি রক্ষায় এমন কার্যকর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার দাবি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এসব জমি রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। অবৈধভাবে মাটি উত্তোলন, পুকুর খনন কিংবা জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Link copied!