মোঃ জাহাঙ্গীর আলম: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম খানের বিরুদ্ধে সরকারি সময়সূচি উপেক্ষা করে খেয়ালখুশিমতো অফিস করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্ধারিত সময় পার হওয়ার দীর্ঘক্ষণ পরও তাঁকে কর্মস্থলে পাওয়া যায়নি।
সরেজমিনে এবং পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তার কক্ষটি তালাবদ্ধ অথবা খালি পড়ে ছিল। পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক নিজেই এই অনিয়মের সত্যতা নিশ্চিত করে বলেন, "সরকারি অফিসে নির্ধারিত সময় মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু ৯টা ৪৩ বেজে গেলেও তিনি উপস্থিত ছিলেন না। জনসেবা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা প্রয়োজন।"
একই অভিজ্ঞতার কথা জানান পরিষদের নারী উদ্যোক্তা ঝরণা বিশ্বাস ও উদ্যোক্তা মিরাজ আহমেদ। তাঁরা বলেন, "সেবা নিতে এসে বা দাপ্তরিক কাজে এসে সচিবকে সময়মতো না পাওয়াটা দুঃখজনক।" এমনকি গ্রাম পুলিশ সদস্য নির্মল এবং উপস্থিত পরিচ্ছন্নতা কর্মীরাও জানান, ব্যক্তিগত কাজের অজুহাতে তিনি প্রায়ই দেরিতে অফিসে আসেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম খান দাবি করেন, "আমি সকাল ৯টা ৪২ মিনিটে অফিসে পৌঁছেছি।" তবে পরিষদের উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া তথ্যের সাথে তাঁর এই বক্তব্যের মিল পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, সরকারি কর্মঘণ্টা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। যদি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সময়মতো উপস্থিত না থাকার অভিযোগ প্রমাণিত হয়, তবে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :