জাফলংয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহ আলম , গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরের দিকে জাফলং বাজারের একটি ভাঙারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙারির দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে।

পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো মর্টার শেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!