জাহাঙ্গীর আলম তপু : ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি কর্মসূচির আওতায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে।
দুদকের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক ফারজানা পারভীনসহ মোট ৮ জনের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহ জেলার গৌরিপুর, ত্রিশাল, হালুয়াঘাট ও ফুলবাড়ীয়া উপজেলায় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নামে বরাদ্দকৃত প্রায় ১৮০ কোটি টাকা জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বেনামী প্রশিক্ষক ও ভুয়া প্রশিক্ষণার্থীর নাম ব্যবহার করে ভূয়া বিল-ভাউচার প্রস্তুত করা হয় এবং সেই মাধ্যমে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ডের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
দুদকের চিঠিতে আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সংক্রান্ত প্রকল্পের শুরু ও শেষের তারিখ, আবেদন ও প্রশিক্ষণার্থীর সংখ্যা, প্রশিক্ষণ ক্লাসের বিস্তারিত সময়সূচি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানী বিতরণের মাস্টাররোল, প্রকল্পের ব্যাংক হিসাব বিবরণী, ক্যাশবই, বরাদ্দপত্র এবং আইবাস++ এ ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের সত্যায়িত কপি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করা আইনগত বাধ্যবাধকতা হওয়ায় বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :