আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে তাঁর ছেলে ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। শুরু থেকেই তিনি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তারানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। কর্মসূচিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গণসংযোগকালে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা নিয়েই আমরা মাঠে কাজ করছি। ঢাকা-২ আসনের প্রতিটি এলাকায় আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি। জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “তারানগরসহ পুরো আসনের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমাদের পরিকল্পনা। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পথ তৈরি করবে—এই আশা রাখি।”
এসময় তারানগর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান বলেন, “বিএনপির তৃণমূল সংগঠন অত্যন্ত শক্তিশালী ও সক্রিয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন। আমরা প্রত্যাশা করি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন।”
প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন স্থানীয় নেতারা। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় নির্বাচনী আবহ তৈরি করেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটার সংলাপ কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :