শান্তিপূর্ণ ফুলপুর-তারাকান্দা গড়তে চাই : মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহ -২ ফুলপুরুতারাকান্দা আসনে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে তারাকান্দা বাজারের চৌধুরী রাইসমিলে আয়োজিত নির্বাচনি মিছিলপূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরুতারাকান্দা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হলো একটি শান্তিপূর্ণ ও সুশাসিত এলাকা গড়ে ওঠা। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এই অঞ্চলে সন্ত্রাস, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কাজ করব। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই তিনি কাজ করতে চান। ভবিষ্যৎ সরকার ইসলামের পক্ষে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভা শেষে একটি বর্ণাঢ্য নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলটি তারাকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন। এ সময় পুরো বাজার এলাকা মিছিলকারীদের স্লোগান ও উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

স্থানীয় নেতারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সভা ও মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!