ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনটি নানা কারণে বেশ আলোচিত ছিল। অবশেষে বড় ব্যবধানে ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মো. ইউসুফ সুহেলকে পরাজিত করে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (৭০)। গতকাল শুক্রবার (১৩/০২/২০২৬) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহা: রেজা হাসানের স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিবরণীতে জানা যায়:
কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলায় ৫ লাখ ৭২৬ জন ভোটারের মধ্যে পোস্টালসহ ১৬০টি ভোট কেন্দ্রে ২ লাখ ৮৩ হাজার ৬৭৫ জন ভোট দিয়েছেন। কেন্দ্রভিত্তিক ও প্রবাসী পোস্টাল ভোটসহ ৯১৬৮টি ভোট বাতিল হয়েছে। সবমিলিয়ে ভোট প্রদানের হার প্রায় ৫৭%। ধানের শীষ প্রতীকে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ইউসুফ হাকিম সুহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ৫ বারের এমপি কায়কোবাদ ৪৯৬৯২ ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (হাত পাখা) ৩৫৯৩ ভোট, বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মো. খোরশেদ আলম (ডাব) ৭১৭, গণঅধিকার পরিষদ মো. মনিরুজ্জামান (ট্রাক) ৬৩৩, আমজনতা পার্টি থেকে চৌধুরী রকিবুল হক শিপন (প্রজাপতি) ২৪৪, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে শরীফ উদ্দিন সরকার (আপেল) ১৮০, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন দল থেকে রিয়াজ মো. শরিফ রায়হান (সিংহ) ১৫২ ভোট এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে পীরজাদা মাও. এমদাদুল হক (হাতি) ১১১ পেয়েছেন। বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া অন্য ৭ প্রার্থীর জামানত হারিয়েছেন।
এই আসন থেকে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তরুণ বয়সে ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্মপ্রতিমন্ত্রী ও সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে পরাজিত হলেও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অষ্টম জাতীয় সংসদে এবং ২০০৮ সালে বিএনপি থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি ডাবল হ্যাটট্রিক করেছেন। বর্তমান সংসদে তিনি হবেন অন্যতম একজন সিনিয়র বিজ্ঞ সংসদ সদস্য এমনকি মন্ত্রী হওয়ার গুঞ্জন রয়েছে এলাকায়।
আপনার মতামত লিখুন :