মীরসরাইয়ে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য হলেন নুরুল আমিন

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

এক দীর্ঘ রাজনৈতিক যাত্রায় মীরসরাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন নুরুল আমিন। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

ভোটের ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

নুরুল আমিন ১৯৬৮ সালের ১ জানুয়ারি মীরসরাই উপজেলার ফেনী নদীর দক্ষিণ পাড়ঘেঁষা ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাতাকোটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা আবুল খায়ের এবং স্ত্রীর নাম নুরুন্নাহার। তাদের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। নুরুল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

নিজের রাজনৈতিক পথচলার বিষয়ে নুরুল আমিন জানান, সমাজসেবার তীব্র ইচ্ছা থেকে ১৯৯৮ সালে প্রথম ইউপি সদস্য পদে নির্বাচন করে জয় লাভ করেন। এরপর ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়ী হন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং জয়ী হন, যদিও পরবর্তীতে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি তিনি। এবার দলের মনোনয়নে জয়ী হয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো তার।

নুরুল আমিন বলেন, “মীরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময়ে দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনও বিশ্বাস হারাইনি। সর্বশেষ দল আমাকে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি তার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছি।” মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সাধারণ মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।”

Advertisement

Link copied!