এনসিপির মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের জাতীয় সংসদ হবে "ইনসাফের সংসদ", যেখানে ন্যায়-অন্যায়ের সুস্পষ্ট পার্থক্য থাকবে এবং গণবিরোধী বা রাষ্ট্রবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দৃঢ় অবস্থান নেওয়া হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিজয়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, অতীতের কয়েকটি সংসদে সমঝোতার ভিত্তিতে সরকার ও বিরোধী দল নির্ধারণ করা হয়েছে, যেখানে কার্যকর বিরোধী দলের ভূমিকা দেখা যায়নি। "সরকার নিজেই নির্ধারণ করেছে কে বিরোধী দলে যাবে—সেই সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ছিল না," মন্তব্য করেন তিনি। এবারের সংসদ জনগণের প্রত্যাশা পূরণে অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "ক্ষমতা বেইনসাফের কাছে মাথা নত করে, কিন্তু ইনসাফ সবসময় বিজয়ী হয়।" সরকার যদি জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তবে রাজপথে আন্দোলন এবং সংসদে বিধি অনুযায়ী প্রতিবাদের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
নবনির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব বেড়েছে উল্লেখ করে হাসনাত বলেন, তারা রাজপথ থেকে উঠে এসেছেন এবং রাজপথই তাদেরকে সংসদে নিয়ে এসেছে। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এতদিন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও এখন জনগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেছে।
"এটি উচ্ছ্বাসের বিষয় নয়, বরং বিনয়ের সঙ্গে দায়িত্ব পালনের সময়," বলেন তিনি। জনগণের আস্থা কর্মের মাধ্যমে ধরে রাখাই হবে তাদের প্রকৃত বিজয়।
জাতীয় রাজনীতিতে প্রাতিষ্ঠানিক সংস্কার, গণমাধ্যম ও বিচার বিভাগের সংস্কার এবং জুলাইয়ের আহতদের ন্যায্য হিস্যা নিশ্চিত করাকে 'ফার্স্ট প্রায়োরিটি' হিসেবে উল্লেখ করেন তিনি। সাংবিধানিক সংস্কার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন।
নিজ নির্বাচনী এলাকা দেবিদ্বারের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামোর নাজুক অবস্থা, বেহাল সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পিছিয়ে পড়া অবস্থা দ্রুত উন্নয়নের দাবি রাখে। প্রবাসী অধ্যুষিত হওয়ায় দেবিদ্বারে মাইক্রো-ইকোনমি শক্তিশালী হলেও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন তিনি। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে প্রতিবাদের প্রতীক উল্লেখ করে হাসনাত বলেন, "রাজু আমাদের প্রতিবাদের প্রতীক। ইনসাফের বিরুদ্ধে অন্যায়ের যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজুতে গিয়ে প্রতিবাদ করা হবে।"
তিনি জনগণকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, "ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব।"
আপনার মতামত লিখুন :