চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদীসংলগ্ন বিভিন্ন পয়েন্টে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা-পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম আটক করা হয়। পরে আটক করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়।একই সঙ্গে বালু উত্তোলনের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের এমন অভিযানে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “হালদা নদী আমাদের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হালদা নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :