শাহরাস্তিতে অনলাইন জুয়ায় জড়িত যুবক গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:২৩ পিএম

শাহরাস্তিতে অনলাইন জুয়ায় জড়িত যুবক গ্রেফতার

ফাইল ফটো

চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার সময় মোবাইলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শমসেদ হোসেন ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম নিয়মিত অভিযান ও ডিউটি পরিচালনা করছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ী জামে মসজিদের সামনে, আয়নাতলী-ফেরুয়া সড়কের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলায় অবস্থানরত মোঃ আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আয়নাতলী এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনভিত্তিক জুয়া খেলায় অংশ নিচ্ছিলেন। পরে তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৩, তারিখ ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ এবং জিআর নং-২৭৬, তারিখ ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা রুজু করা হয়।মামলা রুজুর পর গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে এসব অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অনলাইন জুয়া বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!