ময়মনসিংহে জেলের জালে শিশুর মরদেহ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫০ পিএম

মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের একটি ফিশারিতে মাছ ধরার সময় জেলের জালে উঠে এলো এক শিশুর মরদেহ।

সোমবার সকাল দশটা থেকে আব্দুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে বাড়ির দক্ষিণ পাশে ফিশারিতে মাছ ধরার সময় জালে তার মরদেহ উঠে আসে। পরিবারের ধারণা, খেলা করার সময় ফিশারির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। একমাত্র ছেলে হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ন কবিরের ছেলে আব্দুল্লাহ হেল ফুয়াদ। মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে সে ময়মনসিংহে পরিবারের সাথে বসবাস করত। গত দুই দিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। দুপুর প্রায় সাড়ে ১২টায় বাড়ির পাশে তাদের ফিশারিতে জেলেরা জাল দিয়ে মাছ ধরার সময় জালে শিশু ফুয়াদের লাশ উঠে আসে। দুপুর ১টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, হুমায়ন কবিরের তিন মেয়ে ও এক ছেলে। সবার ছোট ফুয়াদ ছিল বেশ চঞ্চল প্রকৃতির। গত দুই দিন আগে ময়মনসিংহ থেকে বাবা-মায়ের সাথে বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে গ্রামের শিশুদের সাথে খেলাধুলায় মত্ত ছিল। আজ বিকেলে ফুয়াদসহ পরিবারের সবার ময়মনসিংহ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের ধারণা ছিল, শিশুদের সাথে কোথাও খেলা করছে অথবা বাড়ির পাশের একটি মোড়ের দোকানে গিয়েছে। দুপুরে জেলেরা মাছ ধরার সময় জালে ফুয়াদের মরদেহ উঠে আসে।

নিহত শিশুর চাচা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রাকিব বলেন, "পরিবারের সবাই গত দুইদিন আগে ময়মনসিংহ থেকে বাড়িতে আসে, আজ চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাড়ির পাশে ফিশারিতে মাছ ধরার জালে মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে, খেলা করতে করতে কোনো এক সময় পানিতে পড়ে তলিয়ে তার মৃত্যু হয়।"

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, "দুপুর ১টা দশ মিনিটে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।"

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, "পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ দিয়ে দেওয়া হবে।"

Link copied!