ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ হেলাল উদ্দিন (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪ (সিপিএসসি), ময়মনসিংহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একটি আভিযানিক দল শহরের কোতোয়ালি থানাধীন সানকিপাড়া এস.এ সরকার রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অবৈধ মাদক কেনা-বেচার সময় হাতেনাতে হেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতে থাকা ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামতসহ ময়মনসিংহ সদর থানায় (কোতোয়ালি) হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :