ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত মোজাম্মেল হোসাইন সাইমনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। ময়মনসিংহ ছাত্র-জনতার উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। এছাড়াও বক্তব্য রাখেন মোজাম্মেল হোসাইন সাইমনের ছোট ভাই আব্দুল্লাহ আল শুভ।
বক্তারা বলেন, দেশের মানুষ স্বস্তি ফিরে পাচ্ছে এবং বিএনপির লুৎফরজামান বাবর ও জামায়াত ইসলামীর অনেক নেতা মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেলেও মোজাম্মেল হোসাইন সাইমন কেন প্রহসনের সাজানো বিচার থেকে মুক্তি পাবেন না?
সাইমনের ভাই আব্দুল্লাহ আল শুভ তার বক্তব্যে বলেন, ৮ বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আমার ভাই। তাকে ৩টি সাজানো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "অন্যান্য দলের নেতারা যদি সাজানো মামলা থেকে মুক্তি পেতে পারেন, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের মেধাবী তরুণ প্রকৌশলী মুজাম্মেল হোসাইন সাইমন কেন ন্যায়বিচারের মাধ্যমে নিঃশর্ত মুক্তি পাবে না?"
বক্তারা অবিলম্বে মোজাম্মেল হোসাইন সাইমনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন :