উখিয়ায় ইয়াবা কারবারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

আতিকুর রহমান , ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিল এলাকায় ইয়াবা কারবারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আতিকুর রহমান ও এলাকার অন্যান্য সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে স্থানীয় ইয়াবা কারবারীদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছিলেন। এর জেরে চিহ্নিত একদল ইয়াবা কারবারী ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক আতিকের ওপর অতর্কিত হামলা চালায়।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, হলদিয়া পালং ২নং ওয়ার্ড পাগলির বিল এলাকায় সাংবাদিক আতিকুর রহমান মরিচ্যা স্টেশন থেকে তার বাড়িতে যাওয়ার পথে ইয়াবা কারবারী সন্ত্রাসীরা লাঠি-সোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। হামলার ভয়াবহতায় তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তার বৃদ্ধা মা মনোয়ারা বেগমকেও নির্মমভাবে মারধর করা হয়।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, সাংবাদিক আতিকুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মা-ও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় জড়িতরা হলেন পাগলির এলাকার মৃত ছালেহ আহমেদ এর পুত্র আজিজুল হক ভুট্টো, আজিজুল হক ভুট্টোর পুত্র মহিউদ্দিন, আরিফুল ইসলাম আকাশ, মৃত আব্দুল ছালামের পুত্র সোহেলসহ ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

ঘটনার পর পাগলির বিল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, “ইয়াবা কারবারীদের দুঃসাহস দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে।”

সাংবাদিক সমাজ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে এই ধরনের হামলা গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। তারা আরও জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।”

ঘটনার পর ২২ ফেব্রুয়ারি সাংবাদিক আতিকুর রহমান বাদী হয়ে ৪ জনকে নামীয় ও ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে উখিয়া থানায় একটি মামলা রুজু করেন, যার মামলা নম্বর ৪১/২০২৬।

উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, “মামলা রেকর্ড হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।”

Link copied!