পূবাইলে ‘আপসহীন নেত্রী’র স্মরণে শোক সভা ও ইফতার মাহফিল

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম

‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে গাজীপুরের পূবাইলে শোক সভা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের পূবাইলের মিরের বাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি এবং সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর রাজনৈতিক জীবন ছিল আপসহীন সংগ্রাম ও জনগণের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানের প্রতীক। নেতৃবৃন্দ দাবি করেন, দেশের এই ক্রান্তিকালে তাঁর আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পুরো মাঠজুড়ে ছিল শোকাবহ পরিবেশ; অনেকেই অশ্রুসিক্ত চোখে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন।

আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!