সাবেক এমপি মুজিবের বাড়িতে আবারও গুলিবর্ষণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম

চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের এমডি সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চার অস্ত্রধারীর গুলিতে বাড়ির দ্বিতীয় তলায় জানালার কাঁচ ভেঙে যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা পোস্টের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, চার অস্ত্রধারী ব্যবসায়ী মুজিবের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। পরে বাড়ির পেছনে চাক্তাই খাল লাগোয়া সড়ক দিয়ে তারা সটকে পড়ে। 

ঘটনার সত্যতা স্বীকার করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ঢাকা পোস্টকে বলেন, ‘চারজন অস্ত্রধারী গুলি ছুঁড়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে। কারা এই হামলায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ২ জানুয়ারি একই সময় একই কায়দায় ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। ওই হামলায় সাবেক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান প্রকাশ বড় সাজ্জাদের অনুসারীদের কথা উঠে আসে পুলিশী তদন্তে। ১০ কোটি টাকা চাঁদার দাবীতে ওই হামলা করা হয়েছিল। 

এরপর চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। বাড়ির সামনে পুলিশ থাকার কারনে এবার হামলা করা হয়েছে বাড়ির পেছনের ( চাকতাই খাল লাগোয়া ) অংশে। এবারের হামলাও চাঁদার কারণে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শনিবারের হামলার সময় ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। গুলির ঘটনায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙ্গে যায়। এই বিষয়ে ব্যবসায়ী মুজিবুর রহমান সিআইপিকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এদিকে চকবাজার থানা পুলিশ জানায়, চাঁদার জন্য ভয় দেখাতেই দুই মাস আগে বাড়ির সামনে ও শনিবার (২৮ ফেব্রুয়ারি) পেছনে গুলি করা হয়েছে। দুইমাস আগে মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছিল। শনিবার চারজন সন্ত্রাসীর একটি ওই বাড়ির পেছনে একই কায়দায় গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ব্যবসায়ী মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের আগে চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য ছিলেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

Link copied!