এবার যৌন নিপীড়নের শিকার ২ বছরের শিশু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৮:৩৬ পিএম

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকার একটি বাসায় দুই বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা টেকবাড়ি এলাকায় উদ্দিন হাজির বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

শিশুটির মা জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। কাজের প্রয়োজনে বাইরে গেলে শিশুটিকে ঘরে রেখে যেতেন এবং প্রতিবেশীরা তার দেখাশোনা করতেন। সোমবার দুপুর একটার দিকে তিনি কাজে যান। পরে প্রায় আড়াইটার দিকে ফিরে এসে দেখেন, শিশুটির পরনের পোশাক ভেজা এবং রক্তাক্ত। বিষয়টি দেখে তিনি প্রতিবেশীদের সহায়তায় দ্রুত শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, পাশের বাসার প্রায় দশ বছর বয়সী এক শিশুপুত্র প্রায়ই তার সন্তানের সঙ্গে সময় কাটাত। তার ধারণা, ওই শিশুই এ ঘটনার সঙ্গে জড়িত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ক্ষতস্থানের অস্ত্রোপচার করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এদিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা থেকে কাওলা এলাকায় এক শিশুর ওপর যৌন নির্যাতনের খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Link copied!