লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক কন্যা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত ইকরা আক্তারকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বাসিন্দা শাহিনুর বেগম কয়েক বছর ধরে সন্তানদের নিয়ে রায়পুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর স্বামী কামালের মৃত্যু হয়। এরপর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি সংসার চালিয়ে আসছিলেন।
ঘটনার পর স্থানীয় লোকজন এক যুবককে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তবে ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাঁদের মধ্যে শাহিনুর বেগম ও তাঁর দুই মেয়ে মারা যান। আহত ইকরার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয় থেকে সাতজন সদস্য আহত হন।
পুলিশ ঘটনাটির কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :