চাকরির আশ্বাসে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৬:১১ পিএম

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক বিধবা নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী নারী (৩০) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তাকে চট্টগ্রামে নিয়ে যান। পরে ওই দিন রাতে হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে গেলে সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর ছোট ভাই জানান, চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তার বোনকে চট্টগ্রামে নেওয়া হয়েছিল। কিন্তু চাকরি না দিয়ে তাকে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

কুকিছড়া গ্রামের পাড়া প্রধান চাইহ্লাপ্রু মারমা বলেন, অভিযুক্ত ম্রাচাই মারমাকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী আটক করে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ভুক্তভোগীর প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল আছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় আনার খবর তিনি পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে পাঠানো হবে।

Advertisement

Link copied!