লোহাগড়ায় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০২:০১ পিএম

রাসেদুল ইসলাম , লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি তামিম (২০)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার  (১০ জুন) তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ, ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তামিম মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মামলার এজাহার সূত্রে জানা যায়, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে রায়হান শেখ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রায়হান কৌশলে ওই ছাত্রীর কিছু ব্যক্তিগত ছবি মোবাইলে ধারণ করে। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং বিভিন্ন সময় অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ মে এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রায়হান শেখ ও তার সহযোগীরা ওই ছাত্রীকে মহিষাপাড়া ঘাট থেকে ট্রলারে করে মধুমতি নদীর একটি চরে নিয়ে যায়। সেখানে পূর্বে ধারণ করা ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত-পা বেঁধে বিবস্ত্র করা হয় এবং ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পুনরায় ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লোহাগড়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন জানান, মামলার প্রধান আসামি তামিমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামি রায়হান ও রমজান শেখকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

 

Link copied!