ঝালকাঠি সদর উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সুমন চক্রবর্তী (৪১) নামে এক মন্দিরের পুরোহিতকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৭ জুন) রাতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৬৪ বাহের রোড এলাকায় অবস্থিত ‘জি আর কম্পিউটার সেন্টার’-এর সামনে থেকে তাকে আটক করা হয়। সুমন চক্রবর্তী ওই এলাকার কেন্দ্রীয় কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই (নি.) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, মাদকসহ গ্রেফতারের খবর প্রকাশের পর মন্দির কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে সুমন চক্রবর্তীকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন, সুমন চক্রবর্তী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন—এ তথ্য তাদের জানা ছিল না। গ্রেফতারের খবর পাওয়ার পর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুরোহিতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সোমবার সকালে সুমন চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :