রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জুন) বিকেল ৩টার পর রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজাহানপুরের বাসিন্দা লোকমান শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে, অন্তত ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে ব্যাংকের সামনে আসে এবং পরিকল্পিতভাবে লোকমানকে লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তদন্তে এটিকে একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাই বলে মনে করা হচ্ছে।
গোয়েন্দাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারী চক্রের কাছে পৌঁছে থাকতে পারে। তথ্য ফাঁসের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক গোয়েন্দা দল তদন্তে নেমেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, হামলাকারীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য হতে পারে। তারা আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে লোকমানের গতিবিধি পর্যবেক্ষণ করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :