ধর্ষণের পর হত্যা, কংস নদীতে মিলল শিশু নিশামনির লাশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০১:৪০ পিএম

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার অল্প সময় পর পাঁচ বছরের শিশু নিশামনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের নিজ বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের দাবি, মরদেহ বাড়িতে আনার পর গোসল করানোর সময় শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখা যায়। গলা ও বুকসহ বিভিন্ন স্থানে আঘাতের দাগ থাকায় তারা হত্যার পাশাপাশি ধর্ষণেরও অভিযোগ তোলেন।

খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

Advertisement

Link copied!