পাঁচ মাস ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগ, আশুলিয়ায় বাবা আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৮:৫১ পিএম

আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, গত প্রায় পাঁচ মাস ধরে তিনি মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী তার বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তিনি বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার মা প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা একসঙ্গেই থাকতেন। মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার বাবা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করতেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো এবং কাউকে কিছু না বলার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।

মেয়েটি জানান, সোমবারও তার বাবা তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে চলে যান এবং সহকর্মীদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। সহকর্মীদের সহায়তায় অভিযুক্তকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়।

ভুক্তভোগী বলেন, ‘আমি আমার বাবার এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই। যেন আর কোনো মেয়েকে নিজের ঘরেই এমন ভয়াবহ নির্যাতনের শিকার হতে না হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। পাশাপাশি তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Link copied!