কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দের পাশাপাশি পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি কালো রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাইভেটকারে থাকা মো. রুবেল (২৮), মো. আরজান হোসেন (৩৭) ও মো. সোহেল রানা (৪৩)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে কাভার্ডভ্যানের সামনের অংশে বিশেষভাবে তৈরি বক্স কেটে ভেতরে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার তিনগাছা রাজাপুর এলাকার মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৪৩) এবং মো. রুবেল (২৮)।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :