কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুটি বসতঘর, একটি গাভী ও বাছুর, বিপুল পরিমাণ ধান-চাল এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন (২৫) ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে স্ত্রী শিউলী আক্তার (২০)-এর সঙ্গে আলমগীরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে ঘরের ভেতরে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।ঘরের ভেতর থেকে শিউলীর চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে আগুনে দুটি বসতঘর, একটি গাভী ও তার বাছুর, প্রায় ১৫ থেকে ২০ মণ ধানসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
দগ্ধ শিউলী আক্তারকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম রুহিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :