কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম ‘রাজারহাট নিউজ ৭১’। কেবল সংবাদ পরিবেশনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক যাত্রার শুভ সূচনা করেছে তারা। গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসরাত নাখেন্দা গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৩০) দীর্ঘ দিন ধরে মেরুদণ্ডের জটিল সমস্যা ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসুস্থতার কারণে পরিবারের ভরণপোষণ চালানো তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
শফিকুলের এই দুর্দিনের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় ‘রাজারহাট নিউজ ৭১’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে দেড় মাসের সমপরিমাণ খাদ্যসামগ্রী এবং পরিবারের সকল সদস্যের জন্য নতুন ঈদের পোশাক। সহায়তা প্রদানকালে রাজারহাট নিউজ ৭১-এর কর্ণধারদ্বয় উপস্থিত ছিলেন। এ সময় উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম রাজু বলেন, “আমরা শুধু খবর প্রচারেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। শফিকুল ভাইয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। পর্যায়ক্রমে আমরা এমন আরও মানবিক উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব।” তিনি সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম। তিনি বলেন, “রাজারহাট নিউজ ৭১-এর পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী ও পোশাক পেয়ে আমি অনেক আনন্দিত। এই দুর্দিনে তারা আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” রাজারহাট নিউজ ৭১-এর এই ক্ষুদ্র প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছে। সমাজের প্রতিটি স্তরে এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়লে অনেক অসহায় মানুষের জীবন সহজ হয়ে উঠবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
আপনার মতামত লিখুন :