নারায়ণগঞ্জের কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেলে স্থানীয়রা কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তা উদ্ধার করে।
পুলিশ জানায়, কঙ্কালটির পাশে একটি পুরুষের প্যান্ট ও টি-শার্ট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন কিশোরের কঙ্কাল হতে পারে।
তবে কতদিন আগে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সোনারগাঁ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের পোশাক পাওয়া গেছে। ধারণা করছি এটি একজন কিশোরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :