চৌহালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রবাসী সুজন শেখ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০৬:৫৫ পিএম

মাহমুদুল হাসান, চৌহালী: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদ্বীপ প্রবাসী সুজন শেখ। তাঁর অর্থায়নে আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

সহায়তার অংশ হিসেবে দুই পরিবারের জন্য মোট ২৪টি সিমেন্টের খুঁটি, চার বান্ডিল ঢেউটিন, প্রয়োজনীয় কাঠ, মিস্ত্রি ও পরিবহন খরচ প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘর তৈরির কাজ শুরু করতে পারবে।

এ কার্যক্রম বাস্তবায়ন করেন হাটাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুছ সালাম। সহযোগিতায় ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলামসহ নাজমুল হুদা ও রবিউল ইসলাম।

আগুনে সর্বস্ব হারানো পরিবার দুটি এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

আব্দুছ সালাম মাস্টার বলেন, হাটাইল গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে শওকত হোসেন ও আসাদের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আরিফ সরকার বলেন, মাহে রমজান ও ঈদকে সামনে রেখে আগুনে পোড়া অসহায় সম্বলহীন মানুষের পাশে প্রবাসীর মতো সরকারি-বেসরকারি সকলকেই দাঁড়ানোর আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করবেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

Link copied!