কিশোরগঞ্জের বাজিতপুরে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি "সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত"।
লিখিত বক্তব্যে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। অভিযোগ করা হয়, ওই সভায় সংসদ সদস্যের সঙ্গে কয়েকজন ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে প্রবেশ করে বক্তব্য দেন।
বক্তব্যে আরও জানানো হয়, একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এবং দলের কয়েকজন সিনিয়র নেতা। সেখানে বাজিতপুরের উন্নয়ন বিষয়ক আলোচনা হয় বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে যে আইন-শৃঙ্খলা সভা চলাকালে সৈয়দ এহসানুল হুদা ও তার সহযোগীরা উপজেলা হলরুমে প্রবেশ করে হুমকি প্রদান করেছেন। তবে বিএনপি নেতাদের দাবি, সভাটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয় এবং ওই সময় তারা কেউ উপস্থিত ছিলেন না। বিকেলে নির্ধারিত সময়ে তারা পৃথকভাবে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, প্রকাশিত সংবাদটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং স্থানীয় নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। তারা সংশ্লিষ্টদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম খান হেলান, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাজল ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন জামির ও জহিরুজ্জামান জহির, পৌর যুবদলের সভাপতি আহসান দিপু এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :