যশোরের কেশবপুরে ছানি রোগী বাছাই ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা 'সমাধান'-এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা. জুবায়ের হেলাল ও তাঁর মেডিকেল টিম। আয়োজকদের তথ্য অনুযায়ী, 'সমাধান' সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ সাধারণ চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রাথমিক বাছাই শেষে মোট ৪০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। তাঁদের তাৎক্ষণিকভাবে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনার শিরোমণি বাদামতলা এলাকার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে পাঠানো হয়। অপারেশন শেষে আগামী ৩ মার্চ তাঁদের পুনরায় কেশবপুরে ফিরিয়ে আনা হবে। এই ক্যাম্পে সর্বমোট ১২৪ জন রোগী বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন।
'সমাধান'-এর নির্বাহী পরিচালক মো. রেজাউল ইসলাম বলেন, "গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আর্থিক সংকটের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। 'সমাধান' সংস্থা চায় – অসহায় মানুষ যেন বিনা খরচে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পায়। এ লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।"
সংস্থার প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলী বলেন, "এই ধরনের ক্যাম্পের মাধ্যমে দ্রুত রোগী শনাক্ত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ভবিষ্যতেও কেশবপুরসহ আশপাশের এলাকায় নিয়মিত ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনার উদ্যোগ অব্যাহত থাকবে।"
ক্যাম্প চলাকালে 'সমাধান' সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রায়হান আহমেদ শুভসহ অন্যান্য কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :