ম্যাজিস্ট্রেট নিয়োগের এক মাস পরও থমকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আকতারুজ্জামান , দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০৭:৩৯ পিএম

দেবীগঞ্জ উপজেলায় খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের এক মাস পার হলেও কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই।

গত ২৯ জানুয়ারি জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে পঞ্চগড় জেলার সোনাহার ইউনিয়নের সোনাহার মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ২৭২১ নম্বর দাগের ০.২২ একর (২২ শতাংশ) জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ১৯ জন ব্যক্তি উক্ত জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছেন।

উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম-কে দায়িত্ব দেওয়া হয়। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও অভিযান শুরু হয়নি বলে জানা গেছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর জগন্নাথ হাটের হাই স্কুল মোড় থেকে মাংস শেড পর্যন্ত এলাকায় অবৈধ দখল ও স্থাপনার ওপর জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলেও জানান।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকেই অভিযান পরিচালিত হবে।

Link copied!