উল্লাপাড়ায় সংঘর্ষের পর পুরুষশূন্য গ্রাম, লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে গ্রামটি অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতির সুযোগে প্রতিপক্ষের লোকজন লুটপাট চালাচ্ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীরা জানান, প্রায় ৪০০ বিঘা জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত দুটি পানির মোটর খুলে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঘরবাড়িতে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। নারীদের ওপর হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

বর্তমানে অনেক নারী-শিশু নিরাপত্তাহীনতায় ঘরবন্দি জীবনযাপন করছেন। কেউ কেউ এলাকা ছেড়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Link copied!