তাড়াইলে বেহাল সড়কের কারণে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

মো ওমর খান সানি , তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৬:৫৪ পিএম

তাড়াইলে বেহাল সড়কের কারণে চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাংগা ইউনিয়নের দক্ষিণ শাহবাগ গ্রামের কুন্দ্রাটি পাকা রাস্তা থেকে নিয়ামত ভূঁইয়ার বাড়ি হয়ে বান্দুলদিয়া পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে পড়ে। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন প্রায় ৪ হাজার জনবসতির মানুষ।

গত রোববার দক্ষিণ শাহবাগ গ্রামবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ শত শত মানুষ চলাচল করেন। এছাড়া সড়কের পাশে রয়েছে কয়েকটি মসজিদ ও মাদরাসা। বর্ষার সময়ে কাদা-পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থী ও মুসল্লিদের যাতায়াতেও চরম ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের বিদ্যালয় ও মাদ্রাসায় আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের প্রয়োজন হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। তারা জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন। এদিকে সামাজিক সংগঠন 'আনন্দ সংগঠন' সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

খোলা চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে তাড়াইল উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), তালজাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু জাহেদ ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আল আমীন ভূঁইয়ার প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে তালজাংগা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আল আমীন ভূঁইয়া বলেন, রাস্তাটির উন্নয়নের জন্য উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কয়েকবার আবেদন করা হয়েছে। এলজিইডি কার্যালয় থেকে মাপজোকও নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন পার হলেও কাজ শুরু হয়নি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে তাড়াইল উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান বলেন, ওই রাস্তাটি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. এম. ওসমান ফারুকের নজরে আছে। আমরা রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য তালিকায় রেখেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত এর সুফল এলাকাবাসী পাবেন বলে আশা করছি।

এলজিইডির আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে তাদের প্রত্যাশা, দ্রুত দৃশ্যমান কাজ শুরু করে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে।

সিয়াম সরিষা
Link copied!