সীতাকুণ্ডে যুবককে হত্যা, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৩:৪৮ পিএম

সীতাকুণ্ডে যুবককে হত্যা, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে যুবককে অপহরণ করে নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত নুরুল ইসলাম ইরানকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। একইসঙ্গে তার বাড়িঘর ও আস্তানা হিসেবে পরিচিত একাধিক স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইরান ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ইয়াবা নিয়ে বিরোধের জেরে ইরান ও তার সহযোগীরা এলাকার দুই যুবক নাঈম (১৫) ও ইমরানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সেখানে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের একপর্যায়ে নাঈমকে গুরুতর আহত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়। অন্যদিকে, ইমরানকে ৩০ হাজার টাকার বিনিময়ে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই নাঈম মারা যান। ইমরানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পরিবার দাবি করেছে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার বিকেলে নাঈমের জানাজা শেষে মাইকে ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানানো হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ইরান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে তাকে খুঁজে বের করে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর উত্তেজিত জনতা ইরানের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং তার আস্তানা হিসেবে পরিচিত ১০ থেকে ১২টি ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়।

সিয়াম সরিষা
Link copied!