আশরাফুল খান: অদম্য ইচ্ছাশক্তি ও মানবিক সহযোগিতা থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রোববার (২৬ জুলাই) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধূল গ্রামের শারীরিক প্রতিবন্ধী নীলা। দীর্ঘদিনের সংগ্রাম ও প্রত্যাশার পর তিনি Special School for Children with Disabilities -এ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ লাভ করেছেন। এই আনন্দঘন অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর ব্যক্তিগত সহকারী এবং কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।জানা যায়, নীলার পারিবারিক আর্থিক অসচ্ছলতা ও শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি জানতে পেরে আব্দুল্লাহ আল কায়েস ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আনেন।
পরবর্তীতে বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তার চাকরির বিষয়টি এগিয়ে নেওয়া হয়। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জেড এম জাহিদ হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শারীরিক প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) তারিকুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় নীলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাতের পর তাকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হয়।
নীলার এই নিয়োগ শুধু তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ই নয়, বরং সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য একটি অনুপ্রেরণার বার্তা। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, আব্দুল্লাহ আল কায়েস দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই একজন মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন। নীলার চাকরির ব্যবস্থা করে দেওয়ায় এলাকাবাসী তার এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। নীলার এই নিয়োগ সেই সম্ভাবনারই একটি ইতিবাচক উদাহরণ।

আপনার মতামত লিখুন :