নীলফামারীতে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন, স্থায়ী নিয়োগের দাবি

রানা আহমেদ , নীলফামারী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৬:০৪ পিএম

নীলফামারীতে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন, স্থায়ী নিয়োগের দাবি

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি থেকে বাদ দেওয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, নীলফামারী জেলা শাখা।

রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের জেলা ও বিভাগীয় নেতারা অংশ নেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক তহমিনা বেগম, জেলা আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শহিদার রহমান এবং জাহেনুর রহমান।

বক্তারা বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। একই সঙ্গে তাদের পরিবর্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের প্রতি চরম অবিচার।

তারা আরও বলেন, 'দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫' বাতিল করে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের বয়স শিথিলের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা অংশ নেন এবং তাদের দীর্ঘদিনের চাকরি রক্ষা ও স্থায়ী নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সিয়াম সরিষা
Link copied!