সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়নপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং তাদের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঢেউ টিন দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা ত্রাণ, দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল ওহাব, রায়গঞ্জ উপজেলা জিয়া সাইবার দলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপর দিকে রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, বস্ত্রসহ নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়ানপুর গ্রামের মৃত হুযরত আলীর ছেলে মো. সাদ্দাম শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর দুটি বসতঘর পুড়ে গিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আপনার মতামত লিখুন :