ফরিদপুর শহরে অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের রাজেন্দ্র কলেজ সংলগ্ন (দক্ষিণ পাশে) এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই মাংস ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :