জুলাই সনদ ও সংবিধান সংস্কারেই আসবে প্রকৃত স্বাধীনতার সুফল: খায়রুল হাসান

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমীর মো: খায়রুল হাসান মন্তব্য করেছেন যে, মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ভোটের স্বাধীনতা, ভাতের নিশ্চয়তা এবং মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হলে স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল হাসান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দেশের শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থেকেছে, অথচ সাধারণ মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আজও অধরাই রয়ে গেছে। দেশে খুন-খারাপি অব্যাহত থাকলেও সেগুলোর সুষ্ঠু বিচার হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশিত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দুইটি বাস্তবায়ন হলেই দেশবাসী প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।"

কালিগঞ্জ উপজেলার পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা আমীর মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: মুখলেছুর রহমান কান, কালিগঞ্জ পৌর আমীর মাওলানা আমিমুল এহসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা মুজিবুর রহমান ও হাফেজ কামরুল হাসান প্রমুখ।

Link copied!