কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন একটি ওয়াল্টন কারখানার পাশের নির্জন এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফির সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তার ভাই শাহাদত হোসেন (২৩), একই এলাকার মৃত ইব্রাহীমের ছেলে শাকিল (২৫) এবং হাবিবপুর এলাকার আকাশ (২৭)।

মামলার বাদী কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত একটি সক্রিয় চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।” পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Link copied!