স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান: গাকৃবি উপাচার্য

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৫:১৪ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের স্বাধীনতার চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি বলেন, “১৯৭১ সালে ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাধীনতার এই অর্জনকে রক্ষা ও সমুন্নত রাখতে সকলকে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই একটি কুচক্রী মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জনগণের ঐক্য ও সচেতনতার মাধ্যমে সেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অর্জিত সাফল্যের কথাও তুলে ধরে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে। এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়।” তিনি এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে দেশের কল্যাণে কাজে লাগিয়ে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে গাকৃবি প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement

Link copied!