গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকায় তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান, গোডাউন এবং একটি বসতঘরের তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটে গত ১৭ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে চান্দনা সাধু বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত পাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আল আমিন হোসেন (৩৪) জানান, তার মালিকানাধীন “আল আমিন এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানে থাকা প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন ধরনের ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তার বসতঘরের তিনটি কক্ষে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামালও আগুনে ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আল আমিন হোসেন বাসন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর- ৯২৮ এবং ট্র্যাকিং নম্বর- 7IIZ7D।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গ্যাস লাইনের লিকেজ কীভাবে ঘটেছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আপনার মতামত লিখুন :