যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৫:৩২ পিএম

রাজধানী ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় বিদেশি রিভলবার-গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ মার্চ) র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদে বার্তা এ তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তার জানানো হয়, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার বেলা ১১টায় র‍্যাব-৪ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে। 

তবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

গত বছরের ১৭ নভেম্বরে খুন হন কিবরিয়া (৪৭)। মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে গুলি করে তাকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।

এই ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মো. জনি ভূঁইয়া (২৫), সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কাল্লু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।

কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। এ হত্যার ঘটনা তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তাদের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারসহ লেনদেন নিয়ে দ্বন্দ্বে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে কিবরিয়াকে হত্যা করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি পাতা সোহেল ও মাসুম ওরফে ভাগিনা মাসুম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্দেশনা দিলে মামলার ১ নম্বর আসামি জনি ভূঁইয়া, সোহাগ ওরফে কাল্লু ও রোকন ওই দোকানে অতর্কিত প্রবেশ করেন। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

Link copied!