গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৭:৫৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোলাম মোস্তফা (৪০) ও নেত্রকোনার অসিম (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মাদক চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!