ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুদ করা হয়েছিল।
র্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে চলমান নজরদারির অংশ হিসেবে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কোতোয়ালি থানাধীন করিমপুর এলাকায় একটি পোল্ট্রি ফার্মের পাশের কলাবাগানে অভিযান চালানো হয়। এ সময় কানাইপুর চাঁদপুর সড়কের ধারের একটি নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি শর্টগানের তাজা কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল।
র্যাব জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো অসাধু চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব গোলাবারুদ সেখানে গোপনে মজুদ করেছিল। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধে তারা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :