আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ত্রিশাল থানার ওসি বদলি

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০১:০৬ এএম

ময়মনসিংহের ত্রিশাল থানার আইনশৃঙ্খলার অবনতিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহ জেলা পুলিশের ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

৮ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ত্রিশাল উপজেলায় মাদক কারবার, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, খুন ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

এছাড়া, বিভিন্ন ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা ও নানা অভিযোগের কারণে ওসি ফিরোজ হোসেন সমালোচনার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করতে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে ত্রিশালজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

Link copied!